সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বহু প্রতীক্ষিত ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন আজ বুধবার (৪ মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দিনভর টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ ইদ্রিস মিয়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সকাল থেকেই কিশোরগঞ্জ আদালত পাড়ায় ছিল সাজ সাজ রব। মোট ৫৮২ জন ভোটারের রায় নিতে প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রচারণায়। সভাপতি পদে এই লড়াই ছিল সেয়ানে সেয়ানে। ১৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ সহিদুল আলম শহীদ ১৭৫ ভোট পেয়ে রানার-আপ হন। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তার জনপ্রিয়তার ধারা বজায় রেখে ২৬৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট। নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটি সমিতিতে তাদের গ্রহণযোগ্যতা ও চারিত্রিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ।. এডঃ মোঃ আবু বাক্কার সিদ্দিক মিলন আইনজীবীদের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু লাইব্রেরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছেন। সমিতির বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের কাণ্ডারি হিসেবে এডঃ মোঃ নজরুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন এবং সমিতির আর্থিক স্বচ্ছতা ও হিসাব নিরীক্ষার মতো অত্যন্ত দায়িত্বশীল পদে এডঃ মোঃ আসাদুজ্জামান ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সততার প্রমাণ দিয়েছেন। তাছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এএম ছাজ্জাদুল হক ২৭৭ ভোট পেয়ে এবং সহ-সাধারণ সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া ২৪৫ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সদস্যদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে জায়গা করে নিয়েছেন ৫ জন দক্ষ আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট মোঃ আবু হানিফ, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ সারোয়ার আলম, অ্যাডভোকেট মোঃ কোরবান আলী ও অ্যাডভোকেট মোঃ সোহাগ মিয়া। ফলাফল ঘোষণার পর আদালত চত্বরে বিজয়ীদের অনুসারীরা মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বলেন, "এই বিজয় সাধারণ আইনজীবীদের বিজয়। আমরা দল-মত নির্বিশেষে কিশোরগঞ্জ বারের মর্যাদা রক্ষা এবং আইনজীবীদের কল্যাণে নিবেদিত থাকব। "শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার সকল ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।