গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া হাজতির নাম মো. সিদ্দিক মিয়া (৩৩)। তিনি গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, সদর মেট্রো থানার ডাকাতির প্রস্তুতির একটি মামলায় শনিবার বিকেলে সিদ্দিক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি হঠাৎ কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, শুক্রবার তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে আটক করে পুলিশ। ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হলে শনিবার তাকে আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।