আফনান মামুন চৌধুরী, গাজীপুর :
শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। উদ্ভূত পরিস্থিতির কারণে জেলার অন্তত দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি পেয়ে এসব কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের হামলায় সাংবাদিক ও বিজিবি সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি যৌথভাবে ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন। এদিকে, বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে আন্দোলনকারীরা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, আজকেও শ্রমিকেরা বিভিন্ন দাবিতে মহাসড়কে নেমে বিক্ষোভ করছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। অঞ্চলটিতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।