গাজীপুর প্রতিনিধি :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সড়কে থাকা পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মালেকের বাড়ি এলাকায় সড়কের ওপর পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে বিভিন্ন দিক থেকে শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নেন। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে রয়েছেন। তারা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।